গত ১০ জুলাই ২০২৬, বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে এক গাম্ভীর্যপূর্ণ মহাখ্রিস্টযাগের মধ্য দিয়ে নবনিযুক্ত মন্সিনিয়র লাজারুস কানু গোমেজের পোশাক প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Thank you for reading this post, don't forget to subscribe!পবিত্র খ্রিস্টযাগের প্রধান পৌরহিত্য করেন বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের ধর্মপালক বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। অনুষ্ঠানে পোপের প্রেরিত আনুষ্ঠানিক পত্র পাঠ করা হয় এবং পরবর্তীতে মন্সিনিয়রের সম্মানসূচক পোশাক ও সনদ প্রদান করা হয়।
খ্রিস্টযাগ শেষে নবনিযুক্ত মন্সিনিয়রকে সংবর্ধনা জানানো হয়। বরিশাল ক্যাথলিক ধর্মপ্রদেশের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূতের সচিব, সহকারী হলিক্রস প্রভিন্সিয়াল, আরএনডিএম সিস্টারদের প্রভিন্সিয়াল, এলএইচসি সিস্টারদের সুপিরিয়র জেনারেল, ধর্মপ্রদেশের সকল যাজক, ব্রাদার, সন্ন্যাসিনী এবং বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত প্রায় ৪৫০ জন খ্রিস্টভক্ত।
উল্লেখ্য, গত ৯ জুন ২০২৬ পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও ফাদার লাজারুস কানু গোমেজকে মন্সিনিয়র উপাধিতে ভূষিত করেন। ক্যাথলিক চার্চে এই উপাধি পোপ কর্তৃক প্রদত্ত একটি বিশেষ সম্মান, যা একজন যাজকের দীর্ঘদিনের বিশ্বস্ত সেবা, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয়। ইতালীয় শব্দ Monsignore থেকে উদ্ভূত এই উপাধির অর্থ “আমার প্রভু” বা “মহাশয়”।
অনুষ্ঠানে উপস্থিত এক খ্রিস্টভক্ত বলেন, “সর্বশক্তিমান ঈশ্বর নবনিযুক্ত মন্সিনিয়র লাজারুস গোমেজকে সুস্বাস্থ্য, প্রজ্ঞা ও পবিত্রতায় পরিপূর্ণ রাখুন। তাঁর যাজকীয় সেবা যেন আরও ফলপ্রসূ ও আশীর্বাদময় হয় এবং তিনি দীর্ঘদিন বিশ্বাসী মানুষের সেবায় আত্মনিয়োগ করতে পারেন।”

বাংলাদেশ ক্যাথলিক মিডিয়া (BCM) পরিবারের পক্ষ থেকে নবনিযুক্ত মন্সিনিয়র লাজারুস কানু গোমেজ-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হচ্ছে। তাঁর যাজকীয় জীবন ও সেবাকর্মে ঈশ্বরের অফুরন্ত আশীর্বাদ কামনা করছি।
প্রতিবেদন: লিটন আরিন্দা
