এশিয়ায় সুসমাচার প্রচারের নতুন দিকনির্দেশনা নির্ধারণে জাকার্তায় FABC-এর ১২তম প্লেনারি সভা

ফেডারেশন অব এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি সভা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ ক্যাথলিক মিডিয়া (BCM)

Thank you for reading this post, don't forget to subscribe!

এশিয়ায় ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ মিশন, সুসমাচার প্রচার এবং যাজক গঠনের নতুন দিকনির্দেশনা নির্ধারণের লক্ষ্যে ফেডারেশন অব এশিয়ান বিশপস কনফারেন্সেস (FABC)-এর ১২তম প্লেনারি সভা আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হবে।

জাকার্তা আর্চডায়োসিসের আয়োজনে হোটেল মুলিয়া সেনায়ান-এ অনুষ্ঠিতব্য এই সপ্তাহব্যাপী সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশ থেকে ১২০ জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করবেন। প্রতিনিধিদের মধ্যে থাকবেন বিশপগণ, বিভিন্ন দেশের বিশপ সম্মেলনের প্রতিনিধিরা, ভ্যাটিকানের কর্মকর্তা, FABC-এর সচিব, শিক্ষাবিদ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞরা।

এবারের প্লেনারি সভার প্রতিপাদ্য হলো “Synodal Transformation and the Mission of the Church in Priestly Formation in Asia” (সিনোডাল পরিবর্তন এবং এশিয়ায় যাজক গঠনে খ্রিস্টমণ্ডলীর মিশন)। সভার মূল বাইবেলীয় অনুপ্রেরণা নেওয়া হয়েছে যোহন ১:৫০ থেকে: “তুমি এর চেয়েও মহৎ কাজ দেখবে।”

২১ জুলাই পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে। উদ্বোধনী খ্রিস্টযাগে পৌরহিত্য করবেন ভারতের মুম্বাইয়ের প্রাক্তন আর্চবিশপ কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস

২২ জুলাই অনুষ্ঠিত হবে সারাদিনব্যাপী প্রার্থনা ও স্মরণানুষ্ঠান, যার নেতৃত্ব দেবেন সুসমাচার প্রচার বিষয়ক ডিকাস্টারির প্রো-প্রিফেক্ট কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে

সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলোতে এশিয়ার পরিবর্তনশীল সামাজিক, সাংস্কৃতিক, ভূরাজনৈতিক ও রাজনৈতিক বাস্তবতা নিয়ে আলোচনা হবে। পাশাপাশি সিনোডাল নেতৃত্ব, আন্তঃধর্মীয় সংলাপ, স্থানীয় চার্চগুলোর পারস্পরিক সহযোগিতা, যাজক গঠন এবং সুসমাচার প্রচারের নতুন কৌশল নিয়ে বিভিন্ন প্যানেল আলোচনা, উপস্থাপনা ও আঞ্চলিক সংলাপ অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই সম্মেলনে পুণ্যপিতা পোপ লিও চতুর্দশের বিশেষ বার্তা অংশগ্রহণকারীদের উদ্দেশে পাঠ করা হবে।

উল্লেখ্য, FABC-এর Religious Teachers’ Office-এর সভাপতি এবং ভারতের বিশাখাপত্তনমের বিশপ মহামান্য উদুমুলা বালা গারু এই সম্মেলনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

এশিয়ার চার্চের ভবিষ্যৎ পথচলা, সুসমাচার প্রচার এবং যাজকীয় গঠনের নতুন দৃষ্টিভঙ্গি নির্ধারণে FABC-এর এই প্লেনারি সভাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

তথ্যসূত্র: এম. ক্রান্থি স্বরূপ, রেডিও ভেরিতাস এশিয়া (RVA) – তেলেগু।