জাকার্তায় শুরু হচ্ছে এফএবিসির দ্বাদশ প্লেনারি সম্মেলন; এশিয়ার চার্চের ভবিষ্যৎ দিকনির্দেশনা নির্ধারণে বিশপদের মিলনমেলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলাদেশ ক্যাথলিক মিডিয়া (BCM)

Thank you for reading this post, don't forget to subscribe!

পুণ্যপিতা পোপ লিও চতুর্দশের আশীর্বাদ ও প্রেরণায় আগামী ২০ থেকে ২৬ জুলাই ২০২৬ ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ফেডারেশন অব এশিয়ান বিশপস’ কনফারেন্সেস (FABC)-এর দ্বাদশ প্লেনারি সম্মেলন। এশিয়ার ক্যাথলিক চার্চের ভবিষ্যৎ দিকনির্দেশনা, সিনোডাল যাত্রা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করাই এই সম্মেলনের মূল উদ্দেশ্য।

সম্মেলনে এশিয়ার বিভিন্ন দেশের ১২০ জনেরও বেশি বিশপ, ভ্যাটিকানের প্রতিনিধি, ধর্মতাত্ত্বিক, ধর্মীয় নেতা এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ বিশেষজ্ঞ অংশগ্রহণ করবেন।

এবারের সম্মেলনের প্রতিপাদ্য হলো—“এশিয়ার মণ্ডলীতে সিনোডাল রূপান্তর এবং পারস্পরিক সেতুবন্ধন গড়ে তোলা।”

২১ জুলাই ভারতের মুম্বাইয়ের আর্চবিশপ এমেরিটাস কার্ডিনাল ওসওয়াল্ড গ্রাসিয়াস-এর সভাপতিত্বে পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন হবে।

এরপর ২২ জুলাই, সুসমাচার প্রচার বিষয়ক ডিকাস্টারির প্রো-প্রিফেক্ট কার্ডিনাল লুইস আন্তোনিও তাগলে প্রার্থনা ও ধ্যানের মাধ্যমে দিনের কার্যক্রম পরিচালনা করবেন।

সম্মেলনের পরবর্তী অধিবেশনগুলোতে এশিয়ার পরিবর্তনশীল সামাজিক বাস্তবতা, সিনোডাল নেতৃত্ব, স্থানীয় মণ্ডলীগুলোর পারস্পরিক সহযোগিতা, যাজকীয় গঠন এবং ভবিষ্যৎ পালকীয় কর্মপরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই অংশগ্রহণকারীদের উদ্দেশে বিশেষ বার্তা প্রদান করবেন পুণ্যপিতা পোপ লিও চতুর্দশ

সম্মেলনের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ২৬ জুলাই, জাকার্তার আওয়ার লেডি অব দ্য অ্যাসাম্পশন ক্যাথেড্রাল-এ পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে। পরে প্রতিনিধিরা ফ্রেন্ডশিপ টানেল অতিক্রম করে ইস্তিকলাল মসজিদ পরিদর্শন করবেন, যা ইন্দোনেশিয়ার আন্তধর্মীয় সম্প্রীতি ও সহাবস্থানের এক অনন্য প্রতীক।

এফএবিসির সামাজিক যোগাযোগ দপ্তরের নির্বাহী সম্পাদক ফাদার জন মি শেন বলেন, “এই সম্মেলন এশিয়ার মণ্ডলীগুলোর জন্য একে অপরের কথা শোনার, যৌথভাবে ভবিষ্যতের পথ নির্ধারণ করার এবং অভিন্ন মিশনের প্রতি নতুন অঙ্গীকার ব্যক্ত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ।”

অন্যদিকে, পাকিস্তান ক্যাথলিক বিশপ সম্মেলনের সভাপতি বিশপ স্যামসন শুকারদিন আশা প্রকাশ করে বলেন, “এই সম্মেলন এশিয়ার চার্চের জন্য একটি বাস্তবভিত্তিক পালকীয় রূপরেখা প্রণয়নে সহায়ক হবে। পাশাপাশি মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা এবং যুব নেতৃত্বের বিকাশে আঞ্চলিক সহযোগিতা আরও শক্তিশালী হবে।”

এশিয়ার চার্চের ভবিষ্যৎ পথচলা, সুসমাচার প্রচার এবং সিনোডাল যাত্রাকে আরও সুসংহত করার লক্ষ্যে FABC-এর এই দ্বাদশ প্লেনারি সম্মেলনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

তথ্যসূত্র: রেডিও ভেরিতাস এশিয়া (RVA)