নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ড. ফাদার প্যাট্রিক গ্যাফনির বিদায় সংবর্ধনা

গত ১৮ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে (NDUB) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি-এর দায়িত্বকাল শেষ হওয়া উপলক্ষে কৃতজ্ঞতা ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষা, সেবা, বিশ্বাস ও মানবিক মূল্যবোধের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদানের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাতে বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যরা এ আয়োজনে অংশ নেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের একটি শোভাযাত্রার মাধ্যমে ফাদার প্যাট্রিককে অনুষ্ঠানে নিয়ে আসা হয়। শিক্ষার্থীদের হাতে ছিল শুভেচ্ছা, অনুভূতি ও বিদায়ী বার্তাসংবলিত প্ল্যাকার্ড। অনুষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল ‘লিগ্যাসি ওয়াল’ উদ্বোধন, যা নটর ডেম বিশ্ববিদ্যালয়ে ফাদার প্যাট্রিকের সেবা ও নেতৃত্বের স্মারক হিসেবে স্থাপন করা হয়। এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় নৃত্য অনুষ্ঠিত হয়।

ফাদার প্যাট্রিকের জীবন, কর্মযাত্রা, মূল্যবোধ ও বিশ্ববিদ্যালয়ে তাঁর অবদান তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ (PR) অফিসের উদ্যোগে নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। এছাড়া সম্মাননা স্মারক, উপজাতীয় নৃত্য, স্মারক উপহার, মোমবাতি উপস্থাপন, দলীয় সংগীত ও বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাঁর প্রতি বিশ্ববিদ্যালয় পরিবারের ভালোবাসা, সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি ফাদার প্যাট্রিকের সরলতা, ধৈর্য, শৃঙ্খলা এবং যেকোনো পরিস্থিতিতে শান্ত থাকার গুণের কথা তুলে ধরেন। তিনি বলেন, ফাদার প্যাট্রিকের জীবনে প্রতিফলিত মূল্যবোধগুলো অন্যদের জন্য অনুসরণীয় এবং তাঁর নেতৃত্ব ও দায়িত্ববোধ নটর ডেম বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্যদের অনুপ্রাণিত করতে পারে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল রোজারিও, সিএসসি ফাদার প্যাট্রিকের জ্ঞান ও প্রজ্ঞার কথা তুলে ধরেন। বাইবেলে রাজা সলোমনের জ্ঞান ও প্রজ্ঞা লাভের প্রসঙ্গ উল্লেখ করে তিনি ফাদার প্যাট্রিকের নেতৃত্বের সঙ্গে এর একটি যোগসূত্র তুলে ধরেন।

বিদায়ী বক্তব্যে ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি গভীর আবেগ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি যোগাযোগের গুরুত্ব এবং মানুষের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে মৌখিক প্রকাশের শক্তির কথা তুলে ধরেন। ইংরেজি, বাংলা কিংবা অন্য কোনো ভাষা—ভাষার পার্থক্য থাকলেও মানুষের সঙ্গে আন্তরিক যোগাযোগের গুরুত্ব তিনি উল্লেখ করেন।

তিনি প্রাচীন গ্রিক পুরাণের ‘থ্রি গ্রেসেস’—আগ্লাইয়া, ইউফ্রোসাইনে ও থালিয়া-এর প্রসঙ্গ তুলে ধরে সৌজন্য, আনন্দ ও সুন্দর আচরণের গুরুত্ব ব্যাখ্যা করেন। কী বলা হচ্ছে তার পাশাপাশি কীভাবে কথা বলা, নিজেকে প্রকাশ করা এবং অন্যের সঙ্গে সৌজন্যের সঙ্গে সম্পর্ক স্থাপন করা—এসব বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।

ফাদার প্যাট্রিক পরিবর্তনকে গ্রহণ করার সক্ষমতা ও সাহস, নিজের ওপর বিশ্বাস এবং অন্যদের প্রতি দায়িত্বশীল থাকার ওপর গুরুত্ব দেন। পাশাপাশি সহযোগিতা, পারস্পরিক সহায়তা, ভাগাভাগি এবং পারিবারিক বন্ধনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে নটর ডেম বিশ্ববিদ্যালয়ে একে অন্যকে সহযোগিতা ও সমর্থন করার সংস্কৃতির প্রশংসা করেন।

সন্ধ্যায় বিশেষ বিদায়ী আয়োজন

ফাদার প্যাট্রিককে সম্মান জানিয়ে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসক, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে আরও একটি বিশেষ বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সর্বজনীন প্রার্থনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন শিক্ষার্থী বিষয়ক বিভাগের উপপরিচালক সিস্টার শাগরিকা মারিয়া গোমেজ, সিএসসি। পরে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. ব্রাদার সুবল রোজারিও, সিএসসি।

সন্ধ্যার অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ ও বিভাগের প্রতিনিধিরা ফাদার প্যাট্রিকের নেতৃত্ব ও তাঁদের ব্যক্তিগত অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য দেন। ডিন অধ্যাপক ড. অলোক কুমার চক্রবর্তী এবং বিভিন্ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজিজুর রহমান, অধ্যাপক গোলাম সারওয়ার চৌধুরী, ড. মো. শহীদুল কবির, অধ্যাপক এএইচএম সাইফুল ইসলাম, ড. ভক্ত কুমার বিশ্বাস ও ড. মো. মোস্তাকিমুর রহমান তাঁদের অনুভূতি ব্যক্ত করেন। এছাড়া হেনরি গমেজ বক্তব্য দেন এবং ক্যাথরিন গমেজের মাধ্যমে ফাদার প্যাট্রিককে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাদার প্যাট্রিক বক্তব্য দেন এবং বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাঁকে উপহার প্রদান করা হয়। ড. ফাদার চার্লস বি. গর্ডন, সিএসসি সমাপনী বক্তব্য রাখার পর দলীয় ছবি ও নৈশভোজের মধ্য দিয়ে দিনের আয়োজন শেষ হয়।

ড. ফাদার প্যাট্রিক ড্যানিয়েল গ্যাফনি, সিএসসি-এর দায়িত্বকাল শেষ হলেও শিক্ষা, সেবা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের মাধ্যমে নটর ডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তাঁর রেখে যাওয়া স্মৃতি ও অবদান বিশ্ববিদ্যালয় পরিবারের কাছে একটি গুরুত্বপূর্ণ উত্তরাধিকার হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *