ঢাকা, বাংলাদেশ — ফাদার ড. শিপন পিটার রিবেরু সম্পাদিত ‘খ্রিষ্টধর্মের মৌলিক শিক্ষা’ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে।
গত ৮ সেপ্টেম্বর ২০২৬ খ্রিষ্টাব্দে ঢাকা মহাধর্মপ্রদেশের বিশপ ভবনে যাজকবর্গের অধিবেশনে এ বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন করেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ।
এ সময় বিশপ সুব্রত বি. গমেজ, বিশপ থিওটোনিয়াস গমেজ, সিএসসি, ফাদার ড. শিপন পিটার রিবেরু এবং ফাদার সনি মাইকেল রোজারিওসহ অন্যান্য যাজক উপস্থিত ছিলেন।
বইটি পরলোকগত সকল ক্যাটেখ্রিস্ট ও ধর্মশিক্ষকদের প্রতি উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ বলেন, বাংলায় ধর্মশিক্ষার বিভিন্ন বই প্রকাশের ধারাবাহিকতায় ‘খ্রিষ্টধর্মের মৌলিক শিক্ষা’ বাংলাদেশ খ্রিষ্টমণ্ডলীর জন্য একটি গুরুত্বপূর্ণ সংযোজন।
তিনি বলেন, কাথলিক মণ্ডলীর ধর্মশিক্ষার বিষয়গুলো বইটিতে সংক্ষিপ্ত ও সাবলীলভাবে তুলে ধরা হয়েছে।
পাশাপাশি ঐতিহ্যগত ধর্মশিক্ষার ভিত্তি যে পবিত্র বাইবেল, সেটিও বইটিতে গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে বলে জানান তিনি।
আর্চবিশপ আরও বলেন, প্রথম পাপস্বীকার, খ্রিষ্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কারপ্রার্থীদের প্রস্তুতির জন্য বইটি সময়োপযোগী।
শিশুদের পাশাপাশি সকল পর্যায়ের খ্রিষ্টভক্তরা বইটি ধর্মশিক্ষার একটি সহায়ক ‘ম্যানুয়াল’ হিসেবে ব্যবহার করতে পারবেন বলেও তিনি উল্লেখ করেন।
ফাদার ড. শিপন পিটার রিবেরু বলেন, বিশ্বাসের শিক্ষা প্রদান ও তাঁর যাজকীয় সেবার অভিজ্ঞতার বহিঃপ্রকাশ হিসেবে বইটি প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, ধর্মশিক্ষার অন্যতম প্রধান উদ্দেশ্য হলো এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের কাছে বিশ্বাসের ঐতিহ্য ও শিক্ষা হস্তান্তর করা।
বইটি মোট পাঁচটি অধ্যায়ে সাজানো হয়েছে।
অধ্যায়গুলো হলো— মুখস্থ প্রার্থনা, কাথলিক মণ্ডলীর মৌলিক শিক্ষা, খ্রিষ্টমণ্ডলীর জীবনকেন্দ্রিক শিক্ষা, কাথলিক মণ্ডলীর উপাসনা ও সংস্কার এবং পবিত্র বাইবেল পরিচিতি।
বইটির একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হিসেবে অধিকাংশ ঐতিহ্যগত শিক্ষা ও সংস্কারের পবিত্র বাইবেলভিত্তিক দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানান ফাদার রিবেরু।
ফাদার ড. শিপন পিটার রিবেরু ১৯৭৯ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি বান্দুরা ক্ষুদ্র পুষ্প তেরেজার সেমিনারিতে প্রবেশের মাধ্যমে তাঁর গঠন-প্রশিক্ষণ শুরু করেন।
পরবর্তীতে বিভিন্ন সেমিনারিতে গঠন-প্রশিক্ষণ এবং দর্শনশাস্ত্র ও ঐশতত্ত্বের শিক্ষা শেষ করে ২০০৯ খ্রিষ্টাব্দে যাজকীয় অভিষেক লাভ করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি ইতালির রোমে যান। সেখানে পবিত্র বাইবেলের ওপর রোমের বিবলিকোম ইন্সটিটিউট থেকে লাইসেন্সিয়েট এবং গ্রেগরিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন।
দেশে ফিরে তিনি পবিত্র আত্মা উচ্চ সেমিনারিতে শিক্ষকতা শুরু করেন। পাশাপাশি পবিত্র বাইবেল বিষয়ে লেখা ও গবেষণায় নিজেকে নিয়োজিত করেন।
বিভিন্ন পত্রিকায় তাঁর লেখা প্রকাশিত হলেও ‘খ্রিষ্টধর্মের মৌলিক শিক্ষা’ তাঁর এককভাবে প্রকাশিত প্রথম বই।
বইটির মূল্য ২০০ টাকা। আগ্রহীরা ঢাকা মহাধর্মপ্রদেশের বিশপ হাউজের কমিশন কক্ষ থেকে বইটি সংগ্রহ করতে পারবেন।

