গত ১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের উদ্যোগে প্রভুনিবেদন ধর্মপল্লী সুরশুনিপাড়ায় আনন্দঘন ও উদ্দীপনাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হলো YCS সেমিনার ২০২৬।
“YCSM – The Journey Towards Building a Culture of Encounter with Christ Jesus” অর্থাৎ “যিশু খ্রিস্টের সঙ্গে সাক্ষাতের সংস্কৃতি গড়ে তোলার যাত্রা” মূলভাবকে সামনে রেখে আয়োজিত এই সেমিনারে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে মোট ২৩৪ জন তরুণ-তরুণী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
দিনব্যাপী সেমিনারের আধ্যাত্মিক সূচনা হয় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে। খ্রিস্টযাগ শেষে উদ্বোধনী নৃত্য পরিবেশন করা হয়। পরে ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার প্রদীপ জোসেফ কস্তা আনুষ্ঠানিকভাবে সেমিনারের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী পর্ব শেষে শুরু হয় বিষয়ভিত্তিক বিভিন্ন শিক্ষণীয় সেশন। প্রথম সেশনে মি. নিকোলাস মুর্মু উপস্থিত যুবদের উদ্দেশ্যে নৈতিক ও মাণ্ডলিক শিক্ষার ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
পরবর্তীতে বেনেডিক্ট মুর্মু যুবদের ভবিষ্যৎ পথচলা ও জীবন গঠনের বিষয়ে দিকনির্দেশনামূলক একটি সেশন পরিচালনা করেন। এরপর ফাদার শ্যামল জেমস গোমেজ সেমিনারের মূলভাবের ওপর আলোকপাত করে একটি জীবনমুখী সেশন পরিচালনা করেন।

শিক্ষণীয় আলোচনা শেষে অংশগ্রহণকারীদের পবিত্র বাইবেল বিষয়ে জ্ঞান ও মেধা যাচাইয়ের লক্ষ্যে একটি আকর্ষণীয় বাইবেল কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বিকেলে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে অংশগ্রহণকারী তরুণ-তরুণীরা নাচ ও গান পরিবেশন করেন। তাদের প্রাণবন্ত পরিবেশনায় পুরো ধর্মপল্লী প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
পরিশেষে ফাদার শ্যামল জেমস গোমেজের বিশেষ প্রার্থনা ও সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজিত YCS সেমিনার ২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে।
সংবাদ প্রদানকারী: সাগর মারান্ডি

