গত ১৭ আগস্ট বানিয়ারচর ধর্মপল্লীতে উৎসবমুখর ও উদ্দীপনাময় পরিবেশে বানিয়ারচর বিসিএসএম ইউনিটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে যুব-যুবতীরা উৎসাহ ও উদ্দীপনা নিয়ে গির্জা প্রাঙ্গণে একত্রিত হন। দিনের শুরুতে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের শুভ সূচনা হয়। খ্রিস্টযাগ শেষে মঙ্গলপ্রদীপ ও মোমবাতি প্রজ্বলন, নান্দনিক উদ্বোধনী নৃত্য এবং আমন্ত্রিত অতিথিদের ফুলেল শুভেচ্ছায় বরণ করার মধ্য দিয়ে উদ্বোধনী পর্ব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে নারিকেলবাড়ি ও ঘোড়ারপাড় থেকে আগত সহকারী পালক পুরোহিতগণ উপস্থিত থেকে যুবদের শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় তাঁরা যুবসমাজের বিশ্বাস, মূল্যবোধ ও সমাজের প্রতি দায়িত্বশীল ভূমিকার গুরুত্ব তুলে ধরেন।
বানিয়ারচর ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জার্মেইন সঞ্চয় গোমেজ এ বছরের নির্ধারিত মূল বিষয়—“বিশ্বাসী যুব সমাজ, সুকর্মে ফলবান”—এর ওপর আলোকপাত করে তাৎপর্যপূর্ণ বক্তব্য প্রদান করেন। তিনি যুবদের বিশ্বাসের মধ্যে দৃঢ় থেকে সুকর্মের মাধ্যমে পরিবার, ধর্মপল্লী ও সমাজের কল্যাণে অবদান রাখার জন্য উৎসাহিত করেন। তাঁর বক্তব্যে যুবদের আধ্যাত্মিক বিকাশের পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের বিষয়টিও গুরুত্ব পায়।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বিসিএসএম ইউনিটের বাৎসরিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে বিগত বছরের বিভিন্ন কার্যক্রম ও অর্জন তুলে ধরা হয়। পাশাপাশি আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করার লক্ষ্যে নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সবশেষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগ করে নেওয়া হয়। পরে যুব-যুবতীদের প্রাণবন্ত অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে আরও প্রাণবন্ত ও আনন্দময়।
আধ্যাত্মিকতা, বন্ধুত্ব, আনন্দ ও দায়িত্ববোধের মধ্য দিয়ে বানিয়ারচর বিসিএমএম ইউনিটের ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন সম্পন্ন হয়। “বিশ্বাসী যুব সমাজ, সুকর্মে ফলবান”—এই আহ্বানকে সামনে রেখে আগামী দিনেও যুবসমাজ বিশ্বাস ও সেবার পথে আরও সক্রিয় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হয়।

