রাজধানীর কলাবাগানে নিজ বাসা থেকে নটরডেম কলেজের সাবেক শিক্ষক ধীরেন্দ্র কুমার রায়ের (৭১) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সোমবার সকালে কলাবাগানের ১৮৮, গ্রিন রোডের বাসায় ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ধীরেন্দ্র কুমার রায়কে দেখতে পান তাঁর মেয়ে। পরে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে গ্রিন লাইফ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর সকাল সোয়া ৯টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান জানান, ধীরেন্দ্র কুমার রায় ২০২৫ সাল থেকে মানসিক সমস্যাসহ বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন বলে পরিবার জানিয়েছে।
তাঁর স্ত্রী দীপালী রায় একটি স্কুলের শিক্ষিকা। ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন এবং মেয়ে ঘুমিয়ে ছিলেন বলে পুলিশকে জানিয়েছে পরিবার।
ধীরেন্দ্র কুমার রায় এর আগে নটরডেম কলেজে শিক্ষকতা করেছেন। তাঁর গ্রামের বাড়ি মানিকগঞ্জ সদর উপজেলায়। বনগ্রাম আবাসিক এলাকায় তাঁদের নিজস্ব বাড়ি রয়েছে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

