খ্রিস্টীয় মূল্যবোধে ৪৭ বছরের পথচলা, সিএসও’র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চট্টগ্রাম আর্চডাইয়োসিসের ক্যাথিড্রাল ধর্মপল্লীর ঐতিহ্যবাহী যুব সংগঠন খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আনন্দঘন পরিবেশে উদযাপন করা হয়েছে।

গত ২১ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে ক্যাথিড্রাল ধর্মপল্লীর অডিটোরিয়ামে প্রায় ৪০ জন সদস্য-সদস্যার অংশগ্রহণে এ প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে সিএসও-এর প্রেসিডেন্ট মি. গ্রেগরী গমেজ স্বাগত বক্তব্যে সংগঠনের দীর্ঘ পথচলা, সদস্যদের পারস্পরিক বন্ধন এবং যুবাদের নৈতিক, মানবিক ও খ্রিস্টীয় মূল্যবোধে গড়ে তোলার ক্ষেত্রে সিএসও-এর ভূমিকা তুলে ধরেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন সিএসও-এর চ্যাপলেইন ফাদার রিগান ক্লেমেন্ট ডি কস্তা এবং উপদেষ্টা মি. ফ্লেভিয়ান ডি কস্তা। তাঁরা সংগঠনের ঐতিহ্য ও অর্জনকে ধারণ করে বর্তমান প্রজন্মের সদস্যদের সিএসও-এর আদর্শ ও মূল্যবোধকে আরও শক্তিশালী করার আহ্বান জানান। অনুষ্ঠানে সিএসও-এর প্রাক্তন প্রেসিডেন্ট, সাবেক সদস্য এবং বর্তমান সদস্য-সদস্যারা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ পর্বে সিএসও-এর ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোচনা করেন সংগঠনের প্রতিষ্ঠা কমিটির আহ্বায়ক মি. এলড্রিক বিশ্বাস। তিনি সংগঠনের প্রতিষ্ঠার পটভূমি, ৪৭ বছরের পথচলা, বিভিন্ন কার্যক্রম, গুরুত্বপূর্ণ স্মৃতি ও অর্জন তুলে ধরেন। তাঁর আলোচনার মাধ্যমে বর্তমান সদস্যরা সিএসও-এর অতীত ইতিহাস ও বিভিন্ন প্রজন্মের অবদান সম্পর্কে জানার পাশাপাশি সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার অনুপ্রেরণা লাভ করেন।

পরে কেক কাটার মধ্য দিয়ে সিএসও-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। এ সময় প্রাক্তন ও বর্তমান সদস্যরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা ও আনন্দ ভাগ করে নেন। দীর্ঘদিনের সদস্যদের পাশাপাশি নতুন প্রজন্মের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে ক্যাথিড্রাল ধর্মপল্লীর এসএসসি ২০২৬ ব্যাচে কৃতকার্য পরীক্ষার্থীদের সংবর্ধনা ও সার্টিফিকেট প্রদান করা হয়। তাদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়। একই সঙ্গে নৈতিক ও খ্রিস্টীয় মূল্যবোধ ধারণ করে সমাজ ও দেশের কল্যাণে কাজ করার জন্য তাদের উৎসাহিত করা হয়।

সবশেষে সদস্য-সদস্যাদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। গান, নৃত্য ও বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। আনন্দ, সৌহার্দ্য ও পারস্পরিক বন্ধনের মধ্য দিয়ে সিএসও-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনের সমাপ্তি ঘটে।

দীর্ঘ ৪৭ বছরের পথচলায় খ্রিস্টিয়ান স্টুডেন্টস অর্গানাইজেশন (সিএসও) ক্যাথিড্রাল ধর্মপল্লীর তরুণদের মধ্যে খ্রিস্টীয় মূল্যবোধ, নেতৃত্বগুণ, বন্ধুত্ব ও সামাজিক দায়িত্ববোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। – মি. ফ্লেভিয়ান ডি কস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *