বিশ্বের বর্তমান সংকট, ভালোবাসার সভ্যতা, গণমঙ্গল ও সিনোডাল প্রক্রিয়া নিয়ে পোপ লিওর সঙ্গে কার্ডিনালদের আলোচনা
ভ্যাটিকান সিটি: পোপ লিওর আহ্বানে ভ্যাটিকানে অনুষ্ঠিত কার্ডিনাল পরিষদের বিশেষ সভায় বিশ্বজুড়ে চার্চের বর্তমান চ্যালেঞ্জ, শান্তি ও মানবমর্যাদা রক্ষা, ভালোবাসার সভ্যতা গঠন, সাধারণ কল্যাণ এবং সিনোডাল প্রক্রিয়ার বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সভায় মোট ২৪১ জন কার্ডিনালের মধ্যে ১৭৮ জন অংশ নেন।
পোপ হিসেবে নির্বাচিত হওয়ার পর থেকেই পোপ লিও বিশ্বজনীন চার্চ পরিচালনায় কার্ডিনালদের অভিজ্ঞতা ও প্রজ্ঞাকে আরও কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে আসছেন। সেই লক্ষ্যেই তিনি কার্ডিনাল পরিষদের সভা নিয়মিত আহ্বান করার সিদ্ধান্ত নেন, যাতে চার্চের পালকীয় ও মিশনারি চ্যালেঞ্জ নিয়ে পারস্পরিক সংলাপ ও অভিজ্ঞতা বিনিময় করা যায়।
সভায় পোপ বলেন, সিনোড প্রক্রিয়ায় সবাই মিলনের নির্মাতা। আলোচনায় বিশেষভাবে উঠে আসে বর্তমান বিশ্বের দুঃখ-কষ্ট ও মানুষের প্রত্যাশা, ‘ক্ষমতার সংস্কৃতি’র বিপরীতে ‘ভালোবাসার সভ্যতা’ গঠন, সাধারণ কল্যাণ প্রতিষ্ঠা এবং সিনোডাল প্রক্রিয়াকে চার্চের জীবনে বাস্তবায়নের বিষয়।
বিশ্বের যুদ্ধ, সহিংসতা, অভিবাসন, বিভাজন ও মানুষের নানা সংকটের প্রেক্ষাপটে চার্চ কীভাবে সুসমাচারের সাক্ষ্য বহন করবে, তা নিয়েও কার্ডিনালরা মতবিনিময় করেন। আলোচনায় ক্ষমতার সংস্কৃতির পরিবর্তে ভ্রাতৃত্ব, সংলাপ, ন্যায়, শান্তি ও ভালোবাসার সভ্যতা গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সিনোডাল পথচলার ক্ষেত্রে বিশপ, যাজক, সন্ন্যাসব্রতী নারী-পুরুষ, পরিবার, যুবসমাজ, বিভিন্ন সংগঠন ও সাধারণ বিশ্বাসীদের অংশগ্রহণের বিষয়টিও গুরুত্ব পায়। নথিতে সিনোডাল প্রক্রিয়াকে শুধু কোনো নির্দেশনা বাস্তবায়নের কর্মসূচি হিসেবে নয়, বরং পবিত্র আত্মার পরিচালনায় একসঙ্গে পথচলা, পরস্পরকে শোনা এবং চার্চের মিশনে সহ-দায়িত্ব গ্রহণের যাত্রা হিসেবে তুলে ধরা হয়েছে।
সভায় পোপ কার্ডিনালদের বক্তব্য ও দলীয় প্রতিবেদন মনোযোগ দিয়ে শোনেন। শেষ পর্যায়ে পোপের সঙ্গে কার্ডিনালদের প্রায় এক ঘণ্টার উন্মুক্ত সংলাপ অনুষ্ঠিত হয়। কার্ডিনালরা পোপের নেতৃত্ব এবং শান্তি প্রতিষ্ঠা ও সিনোডাল চার্চ গঠনের উদ্যোগের প্রতি সমর্থন ও একাত্মতা প্রকাশ করেন।
নথির শেষাংশে কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতাও তুলে ধরেছেন। তিনি জানান, পোপের সঙ্গে কথা বলার সুযোগে বাংলাদেশের জনগণের একাত্মতা, ভালোবাসা, সমর্থন ও বিশ্বস্ততার কথা জানিয়েছেন এবং বাংলাদেশের জন্য পোপের আশীর্বাদ কামনা করেছেন।
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও, সিএসসি-এর লেখা ‘কার্ডিনাল-পরিষদের বিশেষ সভা’-এর পূর্ণাঙ্গ লেখা/অনুবাদ পড়তে এখানে ক্লিক করুন।
Skip to PDF content
