চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের কমিশনসমূহের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিস

চট্টগ্রাম: চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের ১৩টি কমিশন, ৩টি ডেস্ক ও ১টি মিনিস্ট্রির অংশগ্রহণে গত ৩১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, চট্টগ্রাম আর্চবিশপ হাউসের কনফারেন্স হলে বার্ষিক সাধারণ সভা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের পালকীয় সেবা দলের আয়োজনে অনুষ্ঠিত দিনব্যাপী এ সভায় গত এক বছরের কার্যক্রম পর্যালোচনা, আগামী বছরের পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং কমিশনগুলোর কার্যক্রম আরও গতিশীল, সমন্বিত ও ফলপ্রসূ করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের পালকীয় সমন্বয়কারী সিস্টার মমতা পালমা, এলএইচসি-এর পরিচালনায় উদ্বোধনী প্রার্থনার মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অধিবেশনে উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বক্তব্য দেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের অ্যাডমিনিস্ট্রেটর ফাদার রিগান ডি’কস্তা। বক্তব্যে তিনি কমিশনগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা, সৃজনশীল নেতৃত্ব এবং সুসমাচারের আলোকে কার্যকর পালকীয় সেবার গুরুত্ব তুলে ধরেন।

সভায় প্রথমে পূর্ববর্তী বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী উপস্থাপন ও পর্যালোচনা করা হয়। প্রয়োজনীয় সংশোধনের পর তা অনুমোদন করা হয়। এ সময় বিদায়ী কমিশন সমন্বয়কারীকে তাঁর নিষ্ঠা, আন্তরিকতা ও সেবার জন্য ধন্যবাদ জানানো হয় এবং নবনিযুক্ত কমিশন সমন্বয়কারীদের স্বাগত জানানো হয়। কার্যবিবরণী উপস্থাপন করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের সহকারী প্রোগ্রাম সেক্রেটারি মি. ফ্লেভিয়ান ডি’কস্তা।

পরবর্তী অধিবেশনে মি. ফ্লেভিয়ান ডি’কস্তা জুলাই ২০২৫ থেকে জুন ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত কমিশনসমূহের কার্যক্রমের সমন্বিত প্রতিবেদন উপস্থাপন করেন। প্রতিবেদনে বিভিন্ন কমিশনের উল্লেখযোগ্য অর্জন, বাস্তবায়িত কর্মসূচি এবং কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সম্মুখীন হওয়া বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়।

প্রতিবেদন উপস্থাপনের পর অংশগ্রহণকারীরা কমিশনগুলোর গত এক বছরের কার্যক্রম নিয়ে গঠনমূলক আলোচনা ও মূল্যায়ন করেন। একই সঙ্গে আগামী দিনে কার্যক্রম আরও কার্যকর ও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

এরপর চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের হেড অব প্রোগ্রামস অ্যান্ড ডেভেলপমেন্ট মি. মিকি পল গনসালভেস ২০২৬–২০২৭ খ্রিস্টাব্দের পালকীয় কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় কমিশনভিত্তিক কর্মপরিকল্পনা প্রণয়ন, অগ্রাধিকার নির্ধারণ এবং বিভিন্ন কমিশনের মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা আর্চডাইয়োসিসের পালকীয় কার্যক্রমকে আরও কার্যকর, অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ করে তুলতে বিভিন্ন প্রস্তাব ও সুপারিশ তুলে ধরেন।

দিনব্যাপী আলোচনা, প্রতিবেদন উপস্থাপন ও মতবিনিময়ের পর বিবিধ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরিশেষে ২০২৬–২০২৭ খ্রিস্টাব্দের পালকীয় কর্মপরিকল্পনা বাস্তবায়নে সকল কমিশন, ডেস্ক ও মিনিস্ট্রির সম্মিলিত প্রচেষ্টা এবং পারস্পরিক সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে বার্ষিক সাধারণ সভা–২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়। –  মি: ফ্লেবিয়ান ডি’কস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *