চট্টগ্রাম: ক্যাথলিক চট্টগ্রাম মহাধর্মপ্রদেশে ২৬ জুলাই বিশ্বব্যাপী পালিত ৬ষ্ঠ বিশ্ব দাদু-দাদী ও প্রবীণ দিবস-২০২৬ গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, প্রার্থনা এবং নানা সম্মাননা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। এ বছরের প্রতিপাদ্য ছিল, “আমি তোমাকে কখনও ভুলব না” (যিশাইয় ৪৯:১৫)। এই প্রতিপাদ্যের আলোকে পরিবার, মণ্ডলী ও সমাজে দাদু-দাদী এবং প্রবীণদের অমূল্য মর্যাদা ও ঈশ্বরের অবিচল ভালোবাসার বার্তা তুলে ধরা হয়।
এই উপলক্ষে চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের সকল ধর্মপল্লীতে বিশেষ পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। যাজকেরা প্রবীণ খ্রিস্টভক্তদের সুস্বাস্থ্য, শক্তি, শান্তি এবং দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনা করেন। একই সঙ্গে পরিবার, মণ্ডলী ও সমাজে তাঁদের দীর্ঘদিনের বিশ্বাস, ত্যাগ ও সেবার সাক্ষ্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
ধর্মোপদেশে যাজকেরা বলেন, দাদু-দাদী ও প্রবীণরা শুধু পারিবারিক ঐতিহ্যের ধারক নন; তাঁরা জীবন্ত বিশ্বাসের সাক্ষী, যারা নতুন প্রজন্মের কাছে খ্রিস্টীয় মূল্যবোধ, প্রজ্ঞা ও আশার বার্তা পৌঁছে দেন। এ উপলক্ষে পোপ চতুর্দশ লিওর বার্তার আলোকে উপস্থিত সকলকে প্রবীণদের যথাযথ সম্মান, ভালোবাসা ও সঙ্গ দেওয়ার আহ্বান জানানো হয়, যাতে তাঁরা খ্রিস্টীয় সম্প্রদায়ের সক্রিয় ও মূল্যবান সদস্য হিসেবে নিজেদের ভূমিকা অব্যাহত রাখতে পারেন।


পবিত্র খ্রিস্টযাগ শেষে বিভিন্ন ধর্মপল্লীতে প্রবীণদের ফুল দিয়ে সম্মান জানানো হয়। পাশাপাশি আয়োজন করা হয় সৌহার্দ্যপূর্ণ মিলনমেলার, যেখানে দাদু-দাদী ও প্রবীণরা তাঁদের জীবনের অভিজ্ঞতা, বিশ্বাসের সাক্ষ্য এবং নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণামূলক বার্তা ভাগ করে নেন। তাঁদের বক্তব্যে পরিবারে ঐক্য, নিয়মিত প্রার্থনা, অধ্যবসায় এবং ঈশ্বরের প্রতি অটল আস্থার গুরুত্ব বিশেষভাবে উঠে আসে।
আনন্দ, কৃতজ্ঞতা এবং প্রজন্মের মধ্যে সৌহার্দ্যের আবহে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এই উদযাপন আবারও স্মরণ করিয়ে দেয় যে, প্রবীণরা মণ্ডলী ও সমাজের অমূল্য সম্পদ। তাঁদের বিশ্বাস, প্রজ্ঞা ও জীবনসাক্ষ্য আগামী প্রজন্মের জন্য এক মূল্যবান উত্তরাধিকার। এ উপলক্ষে ক্যাথলিক চট্টগ্রাম মহাধর্মপ্রদেশ প্রবীণদের সম্মান, যত্ন ও পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, ক্যাথলিক মণ্ডলীতে দাদু-দাদী ও প্রবীণদের বিশ্বাস, প্রজ্ঞা ও জীবনের অবদানকে সম্মান জানাতে পোপ ফ্রান্সিস ২০২১ সালের ৩১ জানুয়ারি বিশ্ব দাদু-দাদী ও প্রবীণ দিবস প্রবর্তনের ঘোষণা দেন। তাঁর আহ্বানে প্রথমবারের মতো দিবসটি পালিত হয় ২৫ জুলাই ২০২১। এরপর থেকে প্রতি বছর জুলাই মাসের চতুর্থ রবিবার বিশ্বব্যাপী ক্যাথলিক মণ্ডলীতে দিবসটি পালন করা হয়ে আসছে।

