চট্টগ্রাম মহাধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন

গত ৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, ‘আদিবাসী ধাত্রীদের সম্মান: জীবন ও কল্যাণ সুরক্ষায় তাঁদের অবদান’ প্রতিপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম ক্যাথলিক মহাধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বান্দরবান, বলীপাড়া ও খাগড়াছড়ি ধর্মপল্লীতে পবিত্র খ্রিস্টযাগ, বিশেষ প্রার্থনা, সচেতনতামূলক র‌্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব কর্মসূচির মাধ্যমে আদিবাসীদের জীবন, সংস্কৃতি, ঐতিহ্য, পরিচয়, অধিকার ও মর্যাদার প্রতি সম্মান জানানো হয় এবং তাঁদের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধির জন্য বিশেষ প্রার্থনা করা হয়।

বান্দরবান ধর্মপল্লীতে আদিবাসী ভাইবোনদের স্বাস্থ্য, শান্তি ও সার্বিক কল্যাণের জন্য বিশেষ পবিত্র খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়। পবিত্র খ্রিস্টযাগে সভাপতিত্ব করেন ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার সুধীর দাস, সিএসসি।

পরে ত্রিপুরা সম্প্রদায়ের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঐতিহ্যবাহী গান, নাচ ও বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে ত্রিপুরা সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরা হয়।

বলীপাড়া ধর্মপল্লীতেও পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে আদিবাসীদের অধিকার, মর্যাদা, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে একটি র‌্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় ‘আমি আদিবাসী, আমি গর্বিত’ শিরোনামের একটি দেয়ালিকা উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলীপাড়া ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার শীতল রোজারিও, সিএসসি এবং সহকারী পাল-পুরোহিত ফাদার সুশীল সরেন, সিএসসি।

খাগড়াছড়ি ধর্মপল্লীতেও আদিবাসীদের শান্তি, স্বাস্থ্য, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের জন্য বিশেষ প্রার্থনা করা হয়। পবিত্র খ্রিস্টযাগে সভাপতিত্ব করেন ধর্মপল্লীর পালক-পুরোহিত রেভারেন্ড ফাদার লিওনার্ড রিবেরু।

পরে আদিবাসীদের অধিকার, সুরক্ষা, মর্যাদা, সাংস্কৃতিক বৈচিত্র্য ও ঐতিহ্য সংরক্ষণ নিয়ে সচেতনতামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে আদিবাসী সংস্কৃতি ও পরিচয় রক্ষায় পরিবার, সমাজ, মণ্ডলী এবং তরুণদের ভূমিকার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের ভারপ্রাপ্ত আঞ্চলিক পরিচালক চয়ন হুবার্ট রিবেরু। তিনি আদিবাসীদের অধিকার, মর্যাদা ও সার্বিক উন্নয়নে পারস্পরিক সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির গুরুত্ব তুলে ধরেন।

প্রার্থনা, পবিত্র খ্রিস্টযাগ, র‌্যালি, আলোচনা ও সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে পালিত আন্তর্জাতিক আদিবাসী দিবসের এসব কর্মসূচি আদিবাসী সম্প্রদায়ের নিজস্ব পরিচয়, সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণের গুরুত্ব তুলে ধরে। একই সঙ্গে আদিবাসীদের অধিকার, মর্যাদা ও কল্যাণের প্রতি চট্টগ্রাম ক্যাথলিক মহাধর্মপ্রদেশের সংহতির বার্তাও প্রকাশ পায়।

সংবাদদাতা: ফ্লেভিয়ান ডি’কস্তা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *