সাভার, ৩০ জুলাই: সাভারের ধরেণ্ডায় অবস্থিত সেন্ট যোসেফস্ হাই স্কুল অ্যান্ড কলেজে বৃহস্পতিবার (৩০ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ২৭তম বার্ষিক বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শিক্ষার্থীদের বৈজ্ঞানিক চিন্তা, সৃজনশীলতা ও উদ্ভাবনী সক্ষমতা বিকাশের লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেন্ট যোসেফস্ হাই স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ফাদার জয়ন্ত এস. গমেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রহিম, ধরেণ্ডা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার অমল ডি’ক্রুজ, হাউজিং সোসাইটির চেয়ারম্যান আগষ্টিন প্রতাপ গমেজ এবং ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সিস্টার মেরী গ্রাসিয়া জেনী এসএমআর, হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির সদস্য গিলবার্ট গমেজ ও এইচ. হিলারিশ হাউই, ঋণদান কমিটির সেক্রেটারি রাণা দাস, অভ্যন্তরীণ নিরীক্ষা কমিটির সদস্য কাজল কস্তাসহ শিক্ষক, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ, বরণ নৃত্য এবং অতিথিদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনের পর অতিথিরা মেলা পরিদর্শন করে শিক্ষার্থীদের নির্মিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তারা শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, গবেষণামনস্কতা ও সৃজনশীল উদ্যোগের প্রশংসা করেন এবং বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর ভবিষ্যৎ গঠনে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।
— রিপোর্ট: নীড় সংবাদ

