সিউলে বিশ্ব যুব দিবসের দ্বিতীয় আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভায় বাংলাদেশের চার প্রতিনিধি

world youth day 2027

সিউল, দক্ষিণ কোরিয়া: বিশ্ব যুব দিবস বাংলাদেশ প্রতিনিধিদল ২০২৭ সালে দক্ষিণ কোরিয়ার সিউলে অনুষ্ঠিতব্য বিশ্ব যুব দিবস (World Youth Day—WYD) সামনে রেখে দ্বিতীয় আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভায় অংশ নিয়েছে। ১৪ থেকে ১৭ সেপ্টেম্বর দক্ষিণ কোরিয়ার ইনচনের নেস্ট হোটেলে অনুষ্ঠিতব্য চার দিনের এ গুরুত্বপূর্ণ সভায় বিশ্বের ১৯০টি দেশের প্রায় ৪০০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন।

বাংলাদেশ থেকেও চারজন প্রতিনিধি এ আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভায় অংশগ্রহণ করছেন। তারা হলেন—বিশপ সুব্রত বনিফাস গমেজ, ঢাকার সহকারী বিশপ ও বাংলাদেশ বিশপ সম্মেলনের এপিসকোপাল যুব কমিশনের চেয়ারম্যান; ফাদার বিকাশ জেমস রিবেরু, সিএসসি, এপিসকোপাল যুব কমিশনের নির্বাহী সচিব ও জাতীয় যুব সমন্বয়ক; বিশপ ইমানুয়েল কানন রোজারিও, বরিশাল ধর্মপ্রদেশের বিশপ; এবং ফাদার প্রলয় অগাস্টিন ডি’ক্রুজ, ঢাকা-মহাধর্মপ্রদেশীয় যুব কমিশন”এর যুব সমন্বয়কারী ।

২০২৭ সালের সিউল বিশ্ব যুব দিবসকে সফলভাবে আয়োজনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও পরিকল্পনা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের সামনে তুলে ধরা এবং তাদের মতামত গ্রহণ করাই এ সভার প্রধান উদ্দেশ্য। ২০২৪ সালে রোমে অনুষ্ঠিত প্রথম আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভার পর এবার আয়োজক দেশ দক্ষিণ কোরিয়ায় দ্বিতীয় সভাটি অনুষ্ঠিত হচ্ছে।

সভায় ২০২৭ সিউল WYD-এর pastoral vision ও গুরুত্ব, যুব ও তীর্থযাত্রীদের অংশগ্রহণ, নিবন্ধন ব্যবস্থা, pilgrim app, ভ্রমণ ও প্রবেশ-প্রক্রিয়া, ডায়োসিসভিত্তিক কর্মসূচি এবং মূল বিশ্ব যুব দিবসের বিভিন্ন আয়োজন নিয়ে বিস্তারিত আলোচনা ও তথ্য বিনিময় হচ্ছে।

এ ছাড়া বিশ্বের বিভিন্ন দেশের যুব-সেবা প্রতিনিধিদের কাছ থেকে মতামত নিয়ে ২০২৭ সালের আয়োজনকে আরও কার্যকর ও অংশগ্রহণমূলক করার পরিকল্পনাও রয়েছে। সভার মাধ্যমে অংশগ্রহণকারীরা সিউল WYD-এর প্রস্তুতির অগ্রগতি সরাসরি দেখার পাশাপাশি কোরিয়ার চার্চ, সংস্কৃতি ও স্থানীয় বাস্তবতার সঙ্গেও পরিচিত হওয়ার সুযোগ পাচ্ছেন।

world  youth day  2027

১৪ সেপ্টেম্বর উদ্বোধনী দিনের কর্মসূচির মধ্যে রয়েছে K-Culture Night, যেখানে কোরিয়ার ঐতিহ্যবাহী নৃত্য, K-pop, সামুলনোরি এবং ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন রাখা হয়েছে। ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে DID Expo, যেখানে দক্ষিণ কোরিয়ার বিভিন্ন ধর্মপ্রদেশ ২০২৭ সালের WYD-এর আগে তীর্থযাত্রীদের জন্য আয়োজন করা বিভিন্ন কর্মসূচি তুলে ধরবে। দেশটির ১৫টি ধর্মপ্রদেশের মধ্যে ১৩টি এ প্রদর্শনীতে অংশ নেওয়ার কথা রয়েছে।

১৬ সেপ্টেম্বর অংশগ্রহণকারীরা সিউলের মিয়ংডং ক্যাথেড্রালে যাবেন এবং সেখানে ইংরেজি ভাষায় বিশেষ মঙ্গলানুষ্ঠানে অংশ নেবেন। ১৭ সেপ্টেম্বর সমাপনী ও বিদায়ী মঙ্গলের মধ্য দিয়ে চার দিনের আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভার আনুষ্ঠানিক সমাপ্তি হবে।

বিশ্ব যুব দিবস ক্যাথলিক তরুণদের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক সমাবেশ। ১৯৮৬ সালে পোপ সেন্ট জন পল দ্বিতীয় বিশ্ব যুব দিবসের সূচনা করেন। ২০২৩ সালে পর্তুগালের লিসবনে অনুষ্ঠিত বিশ্ব যুব দিবসের পর ২০২৭ সালের আয়োজনের জন্য দক্ষিণ কোরিয়ার সিউলকে নির্বাচিত করা হয়।

সিউল বিশ্ব যুব দিবসকে সামনে রেখে এবারের দ্বিতীয় আন্তর্জাতিক প্রস্তুতিমূলক সভা আয়োজকদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। বিশ্বের ১৯০টি দেশের প্রায় ৪০০ প্রতিনিধি একত্রিত হয়ে পরিকল্পনা, অভিজ্ঞতা ও মতামত বিনিময়ের মাধ্যমে ২০২৭ সালের এই আন্তর্জাতিক যুব সমাবেশকে আরও ফলপ্রসূ করার পথ তৈরি করছেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।