চট্টগ্রাম ধর্মপ্রদেশের শতবর্ষকে সামনে রেখে নোয়াখালী ধর্মপল্লীতে যুব দিবস-২০২৬ অনুষ্ঠিত

নোয়াখালীতে যুব দিবস

নোয়াখালী, বাংলাদেশ — চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের নোয়াখালী ধর্মপল্লীতে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী যুব দিবস–২০২৬।

নোয়াখালী ধর্মপল্লীর যুব সংগঠনের আয়োজনে এবং চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের সহযোগিতায় দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এতে প্রায় ৬০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন।

যুবাদের বিশ্বাস, দায়িত্ববোধ এবং মণ্ডলীতে সক্রিয় অংশগ্রহণের বিষয়ে সচেতন করাই ছিল আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

যুব দিবসে ‘মণ্ডলীতে যুবাদের দায়িত্ব ও অংশগ্রহণ’ বিষয়ে সহভাগিতা করেন চট্টগ্রাম কাথলিক আর্চডাইয়োসিসের যুব সমন্বয়কারী ফাদার জয় যোসেফ কুইয়া।

তিনি মণ্ডলীর জীবনে যুবাদের ভূমিকা, নেতৃত্ব এবং সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

‘শতবর্ষে চট্টগ্রাম ধর্মপ্রদেশের পথচলা ও ভাবনা’ বিষয়ে সহভাগিতা করেন পালকীয় সমন্বয়কারী সিস্টার মমতা পালমা, LHC।

তিনি চট্টগ্রাম ধর্মপ্রদেশের ঐতিহাসিক পথচলা এবং ভবিষ্যৎ মণ্ডলী নির্মাণে যুবাদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।

চট্টগ্রাম ধর্মপ্রদেশ ১৯২৭ সালের ২৫ মে প্রতিষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী ধর্মপল্লীর পাল-পুরোহিত ফাদার পঙ্কজ ইগ্নেসিয়াস পেরেরা এবং চট্টগ্রাম আর্চডাইয়োসিসান যুব কমিশনের সহকারী সেক্রেটারি মি. গ্রেগরী গমেজ।

সহভাগিতা পর্ব শেষে যুবারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে দলীয় আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

আলোচনায় মণ্ডলীতে যুবাদের বর্তমান ভূমিকা, দায়িত্ব, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ অংশগ্রহণের বিভিন্ন দিক তুলে ধরা হয়।

পরে যুব কমিশনের এনিমেটরদের পরিচালনায় অনুষ্ঠিত হয় অ্যাকশন সং ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে।

পবিত্র খ্রিস্টযাগে যুবাদের জন্য প্রার্থনা করা হয় এবং মণ্ডলী ও সমাজের কল্যাণে দায়িত্বশীল ও সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।