সাধু আগষ্টিন আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬: সম্প্রীতি, সৌহার্দ্য ও ক্রীড়া চেতনায় মুখরিত উদ্বোধনী ম্যাচ

“সম্প্রীতির বহিঃপ্রকাশে ক্রীড়াঙ্গন বিকশিত হওয়ার প্রধান সোপান”—এই প্রত্যয়কে সামনে রেখে সাধু আগষ্টিন আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে গত ১০ জুলাই ২০২৬ মঠবাড়ী ধর্মপল্লী প্রাঙ্গণে চারটি দলের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

Thank you for reading this post, don't forget to subscribe!

দিনব্যাপী আয়োজিত খেলায় প্রথম ম্যাচে মুখোমুখি হয় কুলুন ঐক্যদূত যুব সংঘ ও ভাসানিয়া সূর্যোদয় যুব সংঘ। দ্বিতীয় ম্যাচে অংশ নেয় উলুখোলা খ্রিস্টান যুব কল্যাণ সংঘ এবং প্রগতি যুব সংঘ। খেলোয়াড়দের প্রাণবন্ত নৈপুণ্য ও দর্শকদের উৎসাহে মাঠ ছিল প্রাণচঞ্চল।

খেলার শুরুতে সর্বশক্তিমান ঈশ্বরের আশীর্বাদ কামনা করে প্রার্থনা পরিচালনা করেন মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির উপদেষ্টা এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মি. নন্দন আগষ্টিন ক্রুশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মি. উইলসন স্টিফেন রিবেরু, চেয়ারম্যান, ভাসানিয়া খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড। এছাড়াও উপস্থিত ছিলেন মঠবাড়ী খ্রিস্টান যুব সমিতির সভাপতি মি. র‍্যাকসল আলফন্স পিউরিফিকেশন, মঠবাড়ী ধর্মপল্লীর সহকারী পাল-পুরোহিত, সমিতির প্রাক্তন সভাপতি, বর্তমান উপদেষ্টাবৃন্দ, টুর্নামেন্ট পরিচালনা কমিটি, ক্রীড়া কমিটির সদস্য এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অতিথিরা খেলোয়াড়দের উদ্দেশ্যে ক্রীড়াসুলভ মনোভাব, শৃঙ্খলা এবং ভ্রাতৃত্ববোধ বজায় রেখে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, খেলাধুলা শুধু প্রতিযোগিতা নয়, বরং পারস্পরিক সম্প্রীতি, ঐক্য এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।

আয়োজকরা অংশগ্রহণকারী সব দলকে অভিনন্দন জানিয়ে বলেন, জয়-পরাজয় খেলাধুলার স্বাভাবিক অংশ হলেও প্রকৃত বিজয় নিহিত থাকে সৌহার্দ্য, সম্মান, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মানসিকতায়।

সকলের সহযোগিতায় সাধু আগষ্টিন আন্তঃগ্রাম ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সফল ও সার্থক হবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।