সৃষ্টির সুর শুনতে দৈনন্দিন ব্যস্ততা থেকে কিছুটা বিরতি নিতে আহ্বান পোপ লিওর

POpe News

বিশ্ব সৃষ্টির যত্নের জন্য প্রার্থনা দিবস উপলক্ষে দৈনন্দিন জীবনের ব্যস্ততা ও নানা বিভ্রান্তি থেকে কিছুটা বিরতি নিয়ে “সৃষ্টির সুমধুর কণ্ঠ” শোনার আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।

তিনি বলেন, সৃষ্টির মধ্য দিয়ে ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন এবং প্রকৃতির সৌন্দর্য আমাদের নিজেদের অবস্থান ও দায়িত্ব সম্পর্কে নতুন করে ভাবতে সাহায্য করে।

১ সেপ্টেম্বর কাস্তেল গান্দোলফোর বর্গো লাউদাতো সি’-এর মাদোনিনা উদ্যানে পবিত্র খ্রিস্টযাগ উদ্‌যাপনের সময় পোপ লিও চতুর্দশ বিশ্ব সৃষ্টির যত্নের জন্য প্রার্থনা দিবস পালন করেন এবং একই সঙ্গে ‘সৃষ্টির সময়কাল’-এর সূচনা করেন।

পাঁচ সপ্তাহব্যাপী এই সময়কাল ৪ অক্টোবর সাধু ফ্রান্সিস অব আসিসির পর্ব পর্যন্ত চলবে। এ সময়ে সৃষ্টির যত্নে প্রার্থনা, মনন ও নতুন অঙ্গীকারের আহ্বান জানানো হয়। চলতি বছর সাধু ফ্রান্সিসের মৃত্যুর ৮০০তম বার্ষিকী পালিত হওয়ায় এ সময়টির বিশেষ তাৎপর্য রয়েছে।

পবিত্র খ্রিস্টযাগের পাঠ থেকে অনুপ্রাণিত হয়ে পোপ লিও সৃষ্টির মহিমা এবং তাঁর সৃষ্টির প্রতি ঈশ্বরের যত্নের কথা তুলে ধরেন। তিনি বলেন, উদ্ভিদ ও প্রাণীদের যদি ঈশ্বর এত যত্নের সঙ্গে দেখেন, তাহলে তাঁর সন্তানদের প্রতিও তিনি আরও বেশি যত্নশীল। সৃষ্টির প্রতি মনোযোগী হওয়া মানুষকে ঈশ্বরের পরিকল্পনায় নিজের অবস্থান এবং সৃষ্টির মূল সৌন্দর্য ও সামঞ্জস্য রক্ষায় সম্মিলিত দায়িত্ব সম্পর্কে সচেতন করে তোলে।

পোপ বলেন, নীরব হয়ে সৃষ্টির সৌন্দর্য ও সুরের প্রতি মনোযোগ দেওয়া প্রকৃত পরিবেশগত রূপান্তরের প্রথম পদক্ষেপ। খ্রিস্টের সঙ্গে সাক্ষাৎ মানুষের হৃদয় পরিবর্তন করে এবং সৃষ্টির সঙ্গে তার সম্পর্ককেও নতুনভাবে গড়ে তোলে।

সাধু ফ্রান্সিস অব আসিসির সৃষ্টির বিভিন্ন উপাদানের প্রশংসার কথা স্মরণ করে তিনি সর্বজনীন ভ্রাতৃত্বের চেতনা এবং সৃষ্টির যত্নের প্রতি নতুন অঙ্গীকারের আহ্বান জানান।

সবশেষে পোপ লিও চতুর্দশ জোর দিয়ে বলেন, এখনো অনেক দেরি হয়ে যায়নি।” তাঁর আহ্বান অনুযায়ী, ‘সৃষ্টির সময়কাল’ যেন গভীর রূপান্তর, প্রার্থনা এবং আমাদের অভিন্ন গৃহের যত্নে নতুন অঙ্গীকারের সময় হয়ে ওঠে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।