সাভার কমলাপুর যুব সমিতির উদ্যোগে ‘সাধু আন্তনী যুব ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠান ও প্রথম ম্যাচ শুক্রবার (১৭ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় যুবসমাজের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে ধর্মীয় ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কমলাপুর যুব সমিতির সভাপতি রিব্বিক মাইকেল ক্রুশ। প্রধান অতিথি ছিলেন সংঘের পৃষ্ঠপোষক ও কমলাপুর খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের সভাপতি বিলাস বি. গমেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট-এর সচিব ও সংঘের উপদেষ্টা লিন্টাস রক রোজারিও। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ধরেন্ডা ধর্মপল্লীর সহকারী পাল যাজক ফাদার জুয়েল কস্তা। এছাড়া সংঘের পৃষ্ঠপোষক, উপদেষ্টামণ্ডলী, সাবেক সভাপতি ও কর্মকর্তাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে মাঠে নামে কমলাপুর স্পেন ও কমলাপুর ইংল্যান্ড দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ২-১ গোলের জয়ে টুর্নামেন্টে শুভসূচনা করে কমলাপুর স্পেন।
ম্যাচের ১৩তম মিনিটে রলিক্স রোজারিওর নেওয়া ফ্রি-কিক থেকে হেডে গোল করে স্পেনকে এগিয়ে দেন পাভেল। এরপর ২৫তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন তন্ময় বিশ্বাস। প্রথমার্ধ শেষ হয় স্পেনের ২-০ গোলের লিডে।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে কমলাপুর ইংল্যান্ড। ম্যাচের ৫১তম মিনিটে ক্লিনটন ক্রুশ-এর বাড়ানো বল থেকে দর্শনীয় শটে গোল করেন জয় রোজারিও। এরপর একাধিক আক্রমণ চালিয়েও সমতায় ফিরতে পারেনি ইংল্যান্ড। স্পেনের গোলরক্ষক প্রতীক কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলের জয় নিশ্চিত করেন।
পুরো ম্যাচে রক্ষণভাগে দৃঢ় পারফরম্যান্স, প্রথম গোলের অ্যাসিস্ট এবং নিশ্চিত গোল বাঁচানোর অবদানের জন্য রলিক্স রোজারিও ম্যাচসেরা খেলোয়াড় নির্বাচিত হন।
আয়োজকরা জানান, টুর্নামেন্টের মাধ্যমে যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধি এবং মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে সুস্থ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য। আগামী দিনগুলোতেও টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো একই উৎসাহ ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।

