শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞানের পাশাপাশি দেশীয় ও বিদেশি বিভিন্ন ফল সম্পর্কে বাস্তব ধারণা দেওয়ার লক্ষ্যে দি খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি., ঢাকা পরিচালিত ঢাকা ক্রেডিট ইউনিয়ন স্কুলে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফল উৎসব।
২৩ জুলাই সকালে নদ্দাস্থ স্কুল প্রাঙ্গণে এই আয়োজনের উদ্বোধন করেন স্কুল পরিচালনা পরিষদের সদস্য ও ঢাকা ক্রেডিটের বোর্ড সদস্য সলোমন আই. রোজারিও, চিফ অফিসার সুইটি সিসিলিয়া পিউরিফিকেশন এবং প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ।
অর্ধদিবসব্যাপী এই আয়োজনে প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা শ্রেণিভিত্তিক বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফলের স্টল সাজায়। স্টলগুলোতে দেশি-বিদেশি প্রায় ১০০ প্রজাতির ফল প্রদর্শিত হয়।
এর মধ্যে ছিল আম, কাঁঠাল, লটকন, চেরিফল, চালতা, আমলকী, হরিতকী, আনারস, পেয়ারা, আপেল, কলা, তরমুজ, আমড়া, বেদানা, সবেদাসহ নানা ধরনের ফল। শিক্ষার্থীরা অতিথিদের কাছে ফলের নাম, বৈজ্ঞানিক নাম এবং পুষ্টিগুণ সম্পর্কে উপস্থাপন করে।


স্টল পরিদর্শন শেষে অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন কেবল ফল প্রদর্শনীর মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি শিক্ষার্থীদের ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি, স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস গড়ে তোলা এবং পরিবেশ সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তারা শিক্ষার্থীদের চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ফলের খোসা ও বর্জ্য যথাযথ স্থানে ফেলার আহ্বান জানান।
শিক্ষার্থীরা জানায়, এই উৎসবের মাধ্যমে তারা অনেক অপরিচিত ফলের নাম, বৈজ্ঞানিক পরিচয় ও উপকারিতা সম্পর্কে জানতে পেরেছে। অন্যদিকে উপস্থিত অভিভাবকরাও আয়োজনটির প্রশংসা করে বলেন, শহরে বেড়ে ওঠা শিশুদের জন্য এমন শিক্ষামূলক উদ্যোগ অত্যন্ত কার্যকর, কারণ এতে তারা বিভিন্ন ফল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাচ্ছে।
অনুষ্ঠানের শেষে প্রধান শিক্ষক রতন পিটার গোমেজ বলেন, “এটি শুধু একটি ফল উৎসব নয়; শিক্ষার্থীরা পাঠ্যবইয়ের বাইরে ব্যবহারিক শিক্ষারও সুযোগ পাচ্ছে। প্লে-গ্রুপ থেকে দশম শ্রেণি পর্যন্ত প্রত্যেক শিক্ষার্থী নিজ নিজ উদ্যোগে ফল সংগ্রহ করেছে এবং অন্যদের প্রদর্শনী ঘুরে দেখেছে। এতে তাদের জ্ঞানের পরিধি আরও বিস্তৃত হচ্ছে।”

