Green Cooperative গঠনে কাক্‌কো দুই দিনব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

CACCO Ltd.

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং পরিবেশবান্ধব সমবায় গড়ে তোলার লক্ষ্যে দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রিস্টান কো-অপারেটিভস্ (কাক্‌কো) লিমিটেড (CACCO Ltd.)-এর উদ্যোগে “Green Cooperative Development Management” বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

হাসনাবাদ খ্রিস্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের আয়োজিত এই প্রশিক্ষণে আঠারোগ্রাম এলাকার ৭টি সমবায়ের ৩৭ জন নেতা পেশাজীবী অংশগ্রহণ করেন। পরিবেশ সুরক্ষা, জলবায়ু সহনশীল সমবায় গঠন এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীরা হাতে-কলমে ধারণা লাভ করেন।

প্রশিক্ষণে গুরুত্বারোপ করা হয় যে, জলবায়ু কার্যক্রম কেবল বৃক্ষরোপণের মধ্যেই সীমাবদ্ধ নয়; বরং পরিবার, সমবায়, ব্যবসা প্রতিষ্ঠান সমাজজীবনের প্রতিটি ক্ষেত্রে পরিবেশবান্ধব অভ্যাস গড়ে তোলার মধ্য দিয়েই প্রকৃত পরিবর্তন সম্ভব। অংশগ্রহণকারীদের বর্জ্য কমানো, প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং জলবায়ু সহনশীল সমবায় ব্যবস্থাপনা গড়ে তোলার বাস্তবধর্মী কৌশল তুলে ধরা হয়।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা জানান, এই কর্মসূচি তাদের জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে নতুনভাবে ভাবতে শিখিয়েছে এবং নিজ নিজ সমবায়ে পরিবেশবান্ধব উদ্যোগ গ্রহণে অনুপ্রাণিত করেছে। তারা সবুজ উদ্যোগ ছড়িয়ে দিয়ে অন্যদেরও উদ্বুদ্ধ করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণের দূত (Climate Ambassador) হিসেবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রশিক্ষণের সমাপনী পর্বে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। ক্যাকো লিমিটেডের পক্ষ থেকে প্রত্যেক অংশগ্রহণকারী এবং অংশগ্রহণকারী সমবায়ের হাতে আম আমলকীর চারা তুলে দেওয়া হয়। এই প্রতীকী উদ্যোগের মাধ্যমে একটি সবুজ, পরিবেশবান্ধব ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।

ক্যাকো লিমিটেড জানায়, সমবায়ভিত্তিক এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু গাছ লাগানো নয়; বরং সমবায় আন্দোলনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ, সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার সংস্কৃতি প্রতিষ্ঠা করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *