রুয়ান্ডার কিগালিতে অনুষ্ঠিত SIGNIS বিশ্ব সম্মেলনে অংশগ্রহণকারী ক্যাথলিক যোগাযোগকর্মীদের সত্য, মানবিক মর্যাদা, শান্তি ও সৃষ্টির যত্নের ভিত্তিতে ডিজিটাল যোগাযোগ ব্যবহারের আহ্বান জানিয়েছেন পোপ লিও চতুর্দশ।
এ উপলক্ষে সম্মেলনে অংশগ্রহণকারীদের উদ্দেশে একটি বার্তা পাঠান পোপ। তাঁর পক্ষে বার্তাটিতে স্বাক্ষর করেন ভ্যাটিকানের রাষ্ট্রীয় সচিব কার্ডিনাল পিয়েত্রো পারোলিন। পোপ অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে তাঁদের আধ্যাত্মিক নৈকট্যের আশ্বাস দেন।
একই সঙ্গে তাঁদের আলোচনা যেন সমগ্র মানব পরিবারের সাধারণ কল্যাণে যোগাযোগমাধ্যমকে আরও কার্যকর করার প্রচেষ্টায় নতুন গতি সৃষ্টি করে, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
ডিজিটাল যুগের বাস্তবতা তুলে ধরে বার্তায় বলা হয়, বর্তমান বিশ্বের মানুষের জীবন ক্রমশ ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেটনির্ভর হয়ে উঠছে। পোপের পোপীয় ধর্মপত্র Magnifica Humanitas থেকে উদ্ধৃত করে বলা হয়, অনলাইন যোগাযোগ কেবল তথ্য আদান-প্রদানের মাধ্যম নয়; এটি সংস্কৃতি গঠন করে এবং মানুষ কীভাবে বিশ্বকে উপলব্ধি করে, তার ওপর গভীর প্রভাব ফেলে। একই সঙ্গে এটি সামষ্টিক বিবেককেও প্রভাবিত করে।
সম্মেলনের প্রতিপাদ্য “Digital Communication for Cultural Harmony and Environmental Wellbeing” সামনে রেখে পোপ অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক উদ্যোগ ও কৌশল নিয়ে কাজ করার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, তাঁদের আলোচনা এমন যোগাযোগ কৌশল ও প্রযুক্তির বিকাশে সহায়ক হবে, যা সত্যের দ্বারা পরিচালিত এবং প্রতিটি মানুষের মর্যাদার প্রতি সম্মানের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
পোপ লিও চতুর্দশ আরও বলেন, এ ধরনের যোগাযোগ সুসমাচারের মিলন ও শান্তির মূল্যবোধকে ধারণ করে একটি সংস্কৃতি গড়ে তুলতে পারে। একই সঙ্গে সৃষ্টির প্রতি দায়িত্বশীলতা ও পরিবেশের যত্ন নেওয়ার বিষয়টিকেও উৎসাহিত করতে পারে।
শেষে পোপ সম্মেলনে অংশগ্রহণকারীদের মণ্ডলীর জননী মারীয়ার মধ্যস্থতায় সমর্পণ করেন এবং তাঁদের কাজ যেন দীর্ঘস্থায়ী ফল বয়ে আনে, সে জন্য প্রার্থনার আশ্বাস দেন। তিনি তাঁদের ওপর প্রেরিত আশীর্বাদ প্রদান করে প্রভুর কাছ থেকে “প্রজ্ঞা ও শক্তি” লাভের জন্য প্রার্থনা করেন।
সূত্র: ভ্যাটিকান নিউজ

