সেপ্টেম্বর মাসের জন্য পোপ লিও চতুর্দশের প্রার্থনার অভিপ্রায় নির্ধারিত হয়েছে পানির যত্ন ও সংরক্ষণকে কেন্দ্র করে। ১ সেপ্টেম্বর প্রকাশিত এক ভিডিও বার্তায় পোপ বলেন, বিশুদ্ধ পানি মানুষের জন্য কত বড় আশীর্বাদ, তা আমাদের উপলব্ধি করা প্রয়োজন।
পোপ লিও বলেন, গরমের দিনে কঠোর পরিশ্রম বা দীর্ঘ পথ হাঁটার পর যখন কেউ ঠান্ডা পানির এক চুমুক পান করেন, তখন শরীরে স্বস্তি ও নতুন শক্তির অনুভূতি আসে। এমন মুহূর্ত আমাদের মনে করিয়ে দেয়, বিশুদ্ধ পানি কত বড় আশীর্বাদ। অথচ বিশ্বজুড়ে প্রতি চারজন মানুষের মধ্যে একজন এখনও নিরাপদ পানীয় জলের সুবিধা থেকে বঞ্চিত। তাই পানির যত্ন ও সংরক্ষণের জন্য সমগ্র সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ এবং প্রার্থনা প্রয়োজন।
সেপ্টেম্বরের এই প্রার্থনার অভিপ্রায় উপলক্ষে পোপ লিও একটি বিশেষ প্রার্থনাও রচনা করেছেন। প্রার্থনায় তিনি পানিকে জীবনের উৎস, উর্বরতা, সতেজতা ও আশার প্রতীক হিসেবে তুলে ধরেছেন। একইসঙ্গে বাপ্তিস্মের মাধ্যমে মানুষের জীবনকে নবায়নকারী ঈশ্বরের অনুগ্রহ ও ভালোবাসার প্রতীক হিসেবেও পানির কথা উল্লেখ করেছেন।
পানিকে সুরক্ষায় কৃতজ্ঞতা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার আহ্বান
প্রার্থনায় পোপ লিও চতুর্দশ ঈশ্বরের কাছে পানিকে কৃতজ্ঞতা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে সংরক্ষণ করার শিক্ষা চেয়েছেন। তিনি পানিকে শুধু একটি বাণিজ্যিক পণ্য হিসেবে বিবেচনা করার জন্য ক্ষমা প্রার্থনা করেন এবং স্মরণ করিয়ে দেন—পানি ঈশ্বরের দেওয়া সর্বজনীন উপহার ও সীমাহীন অধিকার, যা তাঁর সকল সন্তানের জন্য।
প্রার্থনায় বিশ্বের সেইসব মানুষদের কথাও তুলে ধরা হয়েছে, যারা বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন, পানি সংগ্রহের জন্য বহু দূর হেঁটে যেতে বাধ্য হচ্ছেন এবং পানির সংকটের কারণে অসুস্থ হয়ে পড়ছেন।
পোপ প্রার্থনা করেন, পবিত্র আত্মা যেন মানুষকে প্রয়োজনীয় বিষয়ে সরল জীবনযাপনে উদ্বুদ্ধ করেন এবং পানির অপচয় ও দূষণের বিরুদ্ধে অবস্থান নেওয়ার শক্তি দেন। একইসঙ্গে প্রত্যেক মানুষের নিরাপদ ও বৈষম্যহীনভাবে পানি পান করার অধিকার রক্ষায় কাজ করার আহ্বান জানান তিনি।
প্রার্থনার শেষাংশে পোপ লিও চতুর্দশ বলেন, পানির যত্ন নেওয়া যেন সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার নিদর্শন এবং দরিদ্র মানুষের জীবনের প্রতি দায়িত্ববোধের প্রকাশ হয়ে ওঠে। নতুন প্রজন্মকে পৃথিবীর প্রাকৃতিক সম্পদের মূল্য বুঝতে এবং তা সংরক্ষণ করতে শিক্ষিত করার আহ্বানও জানান তিনি।
📖 পোপ লিও চতুর্দশের সেপ্টেম্বর মাসের প্রার্থনা
হে জীবনের প্রভু,
আপনি আমাদের পানির উপহার দিয়েছেন—
উর্বরতা, সতেজতা ও আশার উৎস হিসেবে।
এটি আমাদের তৃষ্ণা নিবারণ করে,
পৃথিবীকে পুষ্ট করে এবং ক্ষত নিরাময় করে।
আমরা আপনাকে ধন্যবাদ জানাই,
কারণ পানি আপনার অনুগ্রহ ও ভালোবাসারও প্রতীক,
যা বাপ্তিস্মের মাধ্যমে আমাদের নবায়ন করে।
আজ আমরা আপনার কাছে প্রার্থনা করি,
কৃতজ্ঞতা, ন্যায়বিচার ও দায়িত্বশীলতার সঙ্গে
এই পানি সংরক্ষণ করতে আমাদের শিক্ষা দিন।
আমাদের ক্ষমা করুন,
যখন আমরা পানিকে শুধু একটি বাণিজ্যিক পণ্যে পরিণত করি
এবং ভুলে যাই—এটি আপনার সর্বজনীন উপহার,
সীমাহীন অধিকার, যা আপনার সকল সন্তানের জন্য।
আমরা বেদনার সঙ্গে দেখি,
কত ভাই-বোন বিশুদ্ধ পানির অভাবে কষ্ট পাচ্ছেন,
পানি খুঁজতে বহু মাইল পথ হাঁটছেন
এবং পানির সংকটের কারণে অসুস্থ হয়ে পড়ছেন।
আপনার পবিত্র আত্মা আমাদের প্রয়োজনীয় বিষয়ে
সরল জীবনযাপনের তীর্থযাত্রী করে তুলুন;
যেন আমরা অপচয় ও দূষণের বিরুদ্ধে কথা বলতে পারি
এবং প্রত্যেক ভাই-বোনের
নিরাপদ ও বৈষম্যহীনভাবে পানি পান করার অধিকার রক্ষা করতে পারি।
পানির প্রতি আমাদের যত্ন
সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসার নিদর্শন হোক
এবং দরিদ্র মানুষের জীবনের প্রতি
আমাদের দায়িত্ববোধের প্রকাশ হয়ে উঠুক।
নতুন প্রজন্মকে পৃথিবীর সম্পদের মূল্য বুঝতে
ও তা সুরক্ষিত রাখতে শিক্ষা দেওয়ার শক্তি আমাদের দিন।
আমেন।

