রাজশাহী সিটি কর্পোরেশনের লোকাল গভর্মেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট (এলজিসিআরআরপি)-এর আওতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক কবরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফলক উন্মোচনের মাধ্যমে এ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও। প্রকল্পের আওতায় কবরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণের পাশাপাশি মাটি ভরাট এবং ছাউনি নির্মাণের কাজও করা হবে।
অনুষ্ঠানে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং নাগরিকদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে সিটি কর্পোরেশন কাজ করছে। এরই ধারাবাহিকতায় ডিঙ্গাডোবা ক্যাথলিক কবরস্থানের উন্নয়ন কাজ শুরু হয়েছে।
তিনি নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।
এ সময় তিনি ডেঙ্গু প্রতিরোধে নগরবাসীকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন স্থানে পানি জমতে না দেওয়ার আহ্বান জানান তিনি।
রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল বিশপ জের্ভাস রোজারিও বলেন, দীর্ঘদিন ধরে ডিঙ্গাডোবা ক্যাথলিক কবরস্থানের উন্নয়নের জন্য চেষ্টা করা হচ্ছিল। এবার রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সহযোগিতায় উন্নয়ন কাজ শুরু হওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি বলেন, কবরস্থানের উন্নয়ন কাজ শুরু হওয়া খ্রিস্টভক্তদের জন্য একটি বড় পাওয়া। এ জন্য তিনি সকলের পক্ষ থেকে রাসিক প্রশাসককে আন্তরিক ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে ডিঙ্গাডোবা ক্যাথলিক কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি ফাদার ফাবিয়ান মারান্ডি, সেক্রেটারি সুবাস কস্তা, কমিটির সদস্য শিরিল মূর্ম, মধু মূর্ম ও মেরি হেমরমসহ কবরস্থান ও ধর্মপল্লীর বিভিন্ন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিভিন্ন ধর্মপল্লীর যাজক, সিস্টার এবং খ্রিস্টান নেতৃবৃন্দের মধ্যে ফাদার ফারিয়ান মাডি, ফাদার লিটন ডি’কস্তা, ফাদার বাপ্পি ক্রুশ, ফাদার জের্ভাস মুর্মু, ফাদার উত্তম মেষপালক, সিস্টার স্মৃতি রিবেরু, সিস্টার গ্লোরিয়া, মিসেস মনিকা বাড়ে, ফ্রান্সিস সরেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে রাজশাহী সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল-মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিন, সহকারী প্রকৌশলী সাকিব আরাফাত বিহগ, সার্ভেয়ার রক্তাভো রহমান রোকনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে রাসিক প্রশাসক উপস্থিত ব্যক্তিদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।

