বান্দরবানে অনুষ্ঠিত হলো Marathon for CHRIST 2026

তরুণদের সুস্থ জীবনধারা, শৃঙ্খলা এবং খ্রিস্টীয় মূল্যবোধে উদ্বুদ্ধ করার লক্ষ্যে Jesus Youth Bandarban-এর উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে “Marathon for CHRIST 2026”। শুক্রবার (১৭ জুলাই) ভোরে আয়োজিত এই ম্যারাথনে বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের ৯০ জন অংশগ্রহণ করেন। পুরো আয়োজনটি অনুষ্ঠিত হয় “Youth for Health • Youth for Hope • Youth for Christ” প্রতিপাদ্যে।

ভোর ৫টায় বান্দরবানের ফাতিমা রানী ক্যাথলিক গির্জা (ডন বসকো স্কুল মাঠ) থেকে ম্যারাথনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে শৈলপ্রপাত, ফারুক পাড়ায় গিয়ে এর সমাপ্তি ঘটে। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন পুরুষ১৫ জন নারী ছিলেন। অধিকাংশই ছিলেন শিক্ষার্থী। পাশাপাশি ৫০ বছরের বেশি বয়সী কয়েকজনও অংশ নিয়ে প্রমাণ করেন, সুস্থ জীবনযাপন ও শরীরচর্চার জন্য বয়স কোনো বাধা নয়।

এই আয়োজনের অন্যতম বৈশিষ্ট্য ছিল ধর্মীয় সম্প্রীতি। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে অংশ নিয়ে সামাজিক ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং সুস্থ জীবনচর্চার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। ভোরের নির্মল পরিবেশ, শীতল আবহাওয়া ও প্রকৃতির সৌন্দর্যের মাঝে অনেক অংশগ্রহণকারী দৌড়ের পাশাপাশি ব্যক্তিগত প্রার্থনা ও ধ্যানেও সময় কাটান।

অংশগ্রহণকারীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পুরো রুটজুড়ে মেডিকেল সাপোর্ট, একটি Hydration Point, দুটি চাঁদের গাড়ি এবং পাঁচটি মোটরসাইকেলে স্বেচ্ছাসেবক দল নিয়োজিত ছিল। আয়োজকদের ভাষ্য অনুযায়ী, পুরো ম্যারাথনে কোনো গুরুতর দুর্ঘটনা ঘটেনি। যাদের সামান্য শারীরিক অস্বস্তি হয়েছে, তাদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা দেওয়া হয়।

ম্যারাথন শেষে অংশগ্রহণকারীদের জন্য নাশতার আয়োজন করা হয়। পরে সবাই একসঙ্গে Praise & Worship-এ অংশ নেন। এরপর পুরুষ ও নারী—উভয় বিভাগের বিজয়ীদের মাঝে নগদ অর্থ, পদক ও সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এছাড়া প্রতিটি অংশগ্রহণকারীকে একটি Finisher Medal এবং একটি গামছা প্রদান করা হয়।

আয়োজকদের মতে, Marathon for CHRIST 2026-এর মূল উদ্দেশ্য ছিল তরুণদের ভোরে দিন শুরু করতে উৎসাহিত করা, নিয়মিত শরীরচর্চার অভ্যাস গড়ে তোলা, মাদকাসক্তিসহ বিভিন্ন ক্ষতিকর অভ্যাস থেকে দূরে রাখা এবং বিশ্বাস, স্বাস্থ্য, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ জীবন গঠনে অনুপ্রাণিত করা। প্রথম আয়োজনেই ব্যাপক সাড়া পাওয়ায় আগামী বছর আরও বৃহত্তর পরিসরে এই ম্যারাথন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

উল্লেখ্য, Jesus Youth একটি আন্তর্জাতিক ক্যাথলিক যুব আন্দোলন, যার সূচনা ১৯৮৫ সালে ভারতের কেরালায়। ক্যাথলিক চারিসম্যাটিক নবীকরণ আন্দোলন থেকে অনুপ্রাণিত এই সংগঠন বর্তমানে এশিয়া, ইউরোপ, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, উত্তর আমেরিকা ও ওশেনিয়াসহ বিশ্বের বহু দেশে সক্রিয় রয়েছে।

প্রার্থনা, ঈশ্বরের বাক্য, সাক্রামেন্টময় জীবন, সুসমাচার প্রচার এবং সমাজসেবাকে কেন্দ্র করে Jesus Youth তরুণদের বিশ্বাসে দৃঢ়, নেতৃত্বে সক্ষম এবং সমাজের প্রতি দায়বদ্ধ খ্রিস্টীয় জীবন গঠনে উৎসাহিত করে। বাংলাদেশেও বিভিন্ন ধর্মপ্রদেশ ও ধর্মপল্লীতে সংগঠনটির সদস্যরা তরুণদের আধ্যাত্মিক বিকাশ, নেতৃত্ব প্রশিক্ষণ, স্বাস্থ্যসচেতনতা এবং সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।

Marathon for CHRIST 2026 সেই ধারাবাহিক উদ্যোগেরই একটি অংশ, যেখানে বিশ্বাস, স্বাস্থ্য, সম্প্রীতি এবং ইতিবাচক জীবনধারার বার্তা একসঙ্গে তুলে ধরা হয়েছে।