রাজশাহী ও জয়পুরহাট ধর্মপ্রদেশের সেমিনারিয়ানদের মিলনমেলা অনুষ্ঠিত

বাংলাদেশ ক্যাথলিক মিডিয়া (BCM)

“ঐশ আহ্বানে সাড়াদান ও আত্মনিবেদনের পথে যাত্রা”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ৯–১০ জুলাই ২০২৬ রাজশাহীর সাধু পিতর সেমিনারি, মুশরইল-এ অনুষ্ঠিত হয়েছে রাজশাহী ও জয়পুরহাট ধর্মপ্রদেশের সেমিনারিয়ানদের দুই দিনব্যাপী মিলনমেলা।

এই মিলনমেলায় বনপাড়ার সাধু পোপ ষষ্ঠ পল সেমিনারি, ঢাকার রমনার সাধু যোসেফ সেমিনারি, রাজশাহীর সাধু পিতর সেমিনারি এবং বনানীর পবিত্র আত্মা উচ্চ সেমিনারি থেকে মোট ২৬ জন সেমিনারিয়ান অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, ফাদার সুরেশ ডন বস্কো পিউরিফিকেশন, ফাদার বিশ্বনাথ ফাউস্তিনো মারান্ডী, ফাদার শ্যামল জেমস গোমেজ, ফাদার অনীল মারান্ডী এবং ফাদার দানিয়েল মুর্মু।

উদ্বোধনী শুভেচ্ছা বক্তব্যে ফাদার সুরেশ ডন বস্কো পিউরিফিকেশন বলেন, সেমিনারিয়ানদের এই মিলনমেলা একে অপরকে জানার, অভিজ্ঞতা বিনিময় করার এবং আহ্বানের পথে পারস্পরিক উৎসাহ ও অনুপ্রেরণা লাভের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি বলেন, যাজকীয় আহ্বানের জীবনে যেমন আনন্দ রয়েছে, তেমনি রয়েছে নানা চ্যালেঞ্জ। তাই যেকোনো সমস্যা বা প্রলোভনের মুখোমুখি হলে তা খোলামেলাভাবে গঠনগৃহের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পাশাপাশি সহযাত্রীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

প্রতিপাদ্য বিষয়ের ওপর বক্তব্য রাখতে গিয়ে ফাদার শ্যামল জেমস গোমেজ বলেন, ঈশ্বরের আহ্বানে সাড়া দেওয়া মানে আত্মউৎসর্গমূলক জীবনকে গ্রহণ করা। তিনি রাজশাহী ধর্মপ্রদেশের যাজকদের প্রতিপালক সাধু জন মেরি ভিয়ান্নী-কে অনুসরণ করে আত্মিক জীবনে দৃঢ়ভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

ফাদার দানিয়েল মুর্মু তাঁর সংক্ষিপ্ত বার্তায় সেমিনারিয়ানদের প্রথমে আধ্যাত্মিক মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নিয়মিত প্রার্থনা, অধ্যয়ন এবং আত্মিক অনুশীলনের মাধ্যমে একজন প্রকৃত যাজকের ভিত্তি নির্মিত হয়।

ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী তাঁর সহভাগিতায় বলেন, গঠন জীবন সহজ নয়; প্রতিটি পদক্ষেপে ধৈর্য, অধ্যবসায় ও আত্মনিবেদন প্রয়োজন। তিনি বলেন, একজন ভালো যাজক হওয়ার আগে একজন ভালো ও মানবিক মানুষ হয়ে উঠতে হবে। সেমিনারির প্রতিটি শিক্ষা, নিয়মানুবর্তিতা ও অভিজ্ঞতা ভবিষ্যতের যাজকীয় জীবনের ভিত্তি গড়ে তোলে।

তিনি আরও বলেন, খ্রিস্টভক্তদের প্রত্যাশা যাজকদের প্রতি অনেক বেশি। তাই আধ্যাত্মিকতা, জ্ঞান, প্রজ্ঞা ও খ্রিস্টীয় আদর্শে নিজেদের গড়ে তুলতে হবে। একই সঙ্গে তিনি সেমিনারিয়ানদের প্রার্থনা, অধ্যয়ন এবং আত্মিক বিকাশে আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

দুই দিনের এই মিলনমেলা ১০ জুলাই পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়। অংশগ্রহণকারী সেমিনারিয়ানরা আশা প্রকাশ করেন, এমন আয়োজন ভবিষ্যতেও তাদের যাজকীয় আহ্বানের পথে একে অপরকে উৎসাহিত ও সমৃদ্ধ করবে।